মুছে ফেলতে বলুন: অ্যাকাউন্টের ইমেইল থেকে chat@tutorey.app-এ মেইল করুন, সাবজেক্টে DELETE লিখে। ৩০ দিনের মধ্যে — সাধারণত সেদিনই — কাজ শেষ করে ইমেইলে জানিয়ে দেব।
তার আগে: সেটিংস → ডেটা এক্সপোর্ট থেকে শিক্ষার্থী, বেতন আর হাজিরা স্প্রেডশিটে নামিয়ে নিন; প্রতিটি ব্যাচের হাজিরা খাতা PDF হয়েও নামে। মুছে ফেলা আর ফেরানো যায় না।
অ্যাপের ভেতর থেকে অ্যাকাউন্ট বন্ধ করার বোতামটি তৈরি হচ্ছে। ততক্ষণ পর্যন্ত উপরের ইমেইলই পথ, আর উত্তর একজন মানুষই দেন।
কী কী মুছে যায়
আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত সবকিছু:
- আপনার প্রোফাইল — নাম, ইমেইল, ফোন, জেলা, জন্মতারিখ, যোগ্যতা
- আপনার তৈরি প্রতিটি ব্যাচ
- আপনার লেখা প্রতিটি শিক্ষার্থী ও অভিভাবকের তথ্য
- সব হাজিরার রেকর্ড
- সব বেতন ও পেমেন্টের রেকর্ড
- আপনার সাইন-ইন তথ্য ও সেশন
এটি ফেরানো যায় না। যা রাখতে চান আগে নামিয়ে নিন — প্রতিটি ব্যাচ থেকে হাজিরার শিট PDF হয়ে নামে।
শুধু একজন শিক্ষার্থীকে সরাতে চাইলে
একজনকে সরাতে পুরো অ্যাকাউন্ট বন্ধ করার দরকার নেই। শিক্ষার্থীর পাতা খুলে শিক্ষার্থী সরান বেছে নিন আর নিশ্চিত করুন। তার হাজিরা, বেতনের রেকর্ড আর ব্যাচের আসন — সবই সাথে সাথে চলে যায়।
কোনো অভিভাবক তাঁর সন্তানের তথ্য সরাতে বললে এভাবেই করবেন।
কত সময় লাগে
ইমেইলে অনুরোধ করলে ৩০ দিনের মধ্যে, সাধারণত সেদিনই। এনক্রিপ্ট করা ব্যাকআপ ৩০ দিনের চক্রে বদলায়, তাই রেকর্ড সরানোর পরেও সর্বোচ্চ ৩০ দিন কোনো ব্যাকআপে একটি কপি থেকে যেতে পারে — বিপর্যয় থেকে পুনরুদ্ধার ছাড়া ব্যাকআপ কেউ পড়ে না।
কী রাখতে হতে পারে
কেবল আইন যা রাখতে বাধ্য করে — যেমন করের জন্য কোনো পেমেন্টের রেকর্ড। সেটি অ্যাপ থেকে আলাদা রাখা হয়, অন্য কোনো কাজে লাগে না, আর বাধ্যবাধকতা শেষ হলেই মুছে ফেলা হয়।
গুগল বা ফেসবুক দিয়ে সাইন ইন করে থাকলে
Tutorey অ্যাকাউন্ট মুছলে উপরের সবকিছু মুছে যায়। আপনার গুগল বা ফেসবুক অ্যাকাউন্টে কিছু হয় না। সেখান থেকে Tutorey-এর সংযোগ সরাতে ওই সেবার অ্যাপ সেটিংস থেকে সরিয়ে দিন।
সমস্যা হচ্ছে?
chat@tutorey.app-এ লিখুন, একজন মানুষই উত্তর দেবেন। অ্যাকাউন্টে ঢুকতে না পারলে যেকোনো ঠিকানা থেকে লিখে জানান কোন ইমেইলে সাইন আপ করেছিলেন — আমরা অন্যভাবে যাচাই করে নেব।